মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কর্মসূচির কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশ নেবে।
এরপর বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি। সেখান থেকে ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন নেতাকর্মীরা।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা বিএনপির ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে অংশগ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।









