আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশের সড়কে অপ্রয়োজনীয় যান চলাচল ও পার্কিং পরিহার করতে নগরবাসী ও চালকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষা রাজধানীর ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো এবং শহরের সার্বিক ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।
নির্দেশনাগুলো হলো :
১। পরীক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হবেন।
২। কোনো যানবাহন কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
৩। এরইমধ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বিধায় পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবস্থান করবেন না।
৪। পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা পূর্বে পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করে চলবেন।
৫। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে (অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ)।
৬। যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সামনে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন।
পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।









