ঈদযাত্রায় বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। রাস্তায় কোনো ধরনের যানজট নেই।
বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
যথাসময়ে বাস ছেড়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, সবাই এখানে নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ আছে, কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেখ রবিউল আরও জানান, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেল নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে জাবাবে মন্ত্রী বলেছেন, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি বেশি গিয়েছে। তারা তেল পেয়েছে বলেই তো যেতে পারছে। কেউ না পেলে অভিযোগ করতে পারবে।









