এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গিয়ে জটিলতায় পড়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও সমর্থনপত্র জমা দিতে হয়। এর জন্য প্রতিটি ভোটারের সিরিয়াল নম্বরসহ নির্ধারিত কাগজপত্র দাখিল বাধ্যতামূলক।
এই শর্ত পূরণের লক্ষ্যে তাসনিম জারা গতকাল থেকেই ঢাকার খিলগাঁও এলাকায় ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। তবে ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করতে গিয়ে তিনি বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন। তাসনিম জারার দাবি, নির্বাচন কমিশনের নির্ধারিত পাঁচটি উপায়েই বর্তমানে ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, ভোটার সিরিয়াল নম্বর পাওয়ার জন্য এসএমএস, অনলাইন, কল সেন্টার, কিউআর কোডসহ মোট পাঁচটি পদ্ধতি রয়েছে। কিন্তু এর কোনোটিই কার্যকর নয়। অনলাইন সেবার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সার্ভার ডাউন রয়েছে, ফলে সেখানে প্রবেশ করা যাচ্ছে না। অন্য পদ্ধতিগুলোর মাধ্যমেও ভোটার নম্বর সংগ্রহ সম্ভব হচ্ছে না।
তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে হলে ভোটার নম্বর অপরিহার্য। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় পুরো প্রক্রিয়াটিকে কার্যত অসম্ভব করে রাখা হয়েছে। তার ভাষায়, “প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে।”
এ অবস্থায় অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করা যাবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন দাখিল করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।









