এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীদের ভাতা প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।
আজ সোমবার (২ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনলাইনে বিল সাবমিট করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। একই বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে বিল দাখিল করতে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান প্রধানদের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য পৃথকভাবে বিধি অনুযায়ী প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল জমা দিতে বলা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভাতা প্রেরণ করা হবে এবং কোনো ভুল তথ্যের কারণে টাকা পাঠানোর সমস্যা হলে বা অতিরিক্ত টাকা দেওয়া হলে তার সম্পূর্ণ দায় প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
এছাড়া, কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতিতে থাকলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা অনুযায়ী বিল নির্ধারণ করতে হবে।
‘শুধুমাত্র আইবাস যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও সঠিক নয়, তা যাচাই শেষে পরবর্তীতে যুক্ত করা হবে’, বলে জানিয়েছে অধিদপ্তর।









