ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট ৮ জন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা।
দুর্ঘটনায় পতিত হেলিকপ্টারটি ছিল এয়াবাস এইচ১৩০ মডেলের, যা স্থানীয় একটি এভিয়েশন সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকানাধীন। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, মেলাউইয়ের একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থলটি পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত দুর্গম এলাকা, যেখানে খাড়া পাহাড় ও ঘন বনভূমি রয়েছে। প্রতিকূল ভূপ্রকৃতির কারণে সেখানে পৌঁছাতে উদ্ধারকারী দলকে বেশ সময় নিতে হয়েছে।
হেলিকপ্টারটিতে ২ জন ক্রু ও ৬ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান সায়াফি। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও ছিলেন।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময়ই লেজের অংশটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যদিও এর সুনির্দিষ্ট কারণ এখনো অজানা।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।









