জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট পুরোপুরি কাটবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট এই সংকট মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, এই অঞ্চল বর্তমানে এক অনিশ্চিত ও উত্তাল সময় পার করছে, যেখানে জ্বালানি সংকট অর্থনীতি ও সমাজব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং একে অপরের প্রয়োজন ও সক্ষমতাকে স্বীকৃতি দেওয়া।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের জেলা ও উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) শক্তিশালী হবে। এতে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আসবে।









