প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান নিয়োগ পেয়েছেন। এছাড়া উপ-প্রেস সচিব পদে সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসএএম মাহফুজুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
অন্য প্রজ্ঞাপনে বলা হয়, ৩ জন উপ-প্রেস সচিবকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।









