ইরানের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তবে এই দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলোচনা শুরুর আগে ইরানকে শান্তিচুক্তিতে রাজি হওয়ার জন্য কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সমঝোতায় পৌঁছানোর জন্য এটি ইরানের জন্য ‘শেষ সুযোগ’।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি এই চুক্তিতে সই না করে, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নিচ্ছেন না। প্রথম দফার আলোচনায় তিনি নেতৃত্ব দিলেও এবার তার সফর বাতিল করা হয়েছে।
এ বিষয়ে এবিসি নিউজকে ট্রাম্প বলেন, শুধু নিরাপত্তার কারণেই ভ্যান্স এই সফরে যাচ্ছেন না।
তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে এই দফার আলোচনায় ভ্যান্স নেতৃত্ব দেবেন। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় এখন প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তি ইরান না মানলে দেশটির বেসামরিক অবকাঠামোর ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে।









