অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গতকাল রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান।
ওই স্ট্যাটাসে পাটওয়ারী লেখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত মামলাটি গ্রহণ করে পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
গত ৫ মার্চ বাদী আশরাফুল ইসলাম ফেসবুকে পাটওয়ারীর দেওয়া একটি বক্তব্য দেখতে পান, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। পরবর্তীতে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও পরিকল্পিতভাবে এসব বক্তব্য প্রকাশ করে মির্জা আব্বাসের সম্মানহানি করা হয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।









