মধ্যপ্রাচ্যে চলমান সংকট এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশে অননুমোদিত তেল মজুদের প্রবণতা বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের নির্দেশে দেশের ৯টি জেলায় ১৯টি জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়েছে।
আজ শনিবার বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, “জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ডিপোতে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা নিয়মিত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছেন। মোতায়েন কার্যক্রমে ঢাকায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো অন্তর্ভুক্ত, মোট ৯টি জেলায় ১৯টি ডিপো অন্তর্ভুক্ত।
মোতায়েন সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পের একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক তত্ত্বাবধান এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছেন। তারা গোয়েন্দা নজরদারি জোরদার করছেন, অবৈধ তেল মজুদ ও বিক্রয় প্রতিরোধ করছেন এবং নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। বিজিবির দৃশ্যমান উপস্থিতি সংশ্লিষ্ট এলাকায় জনমনে আস্থা বৃদ্ধি করছে এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখছে।
এছাড়া সীমান্ত দিয়ে তেল পাচার প্রতিরোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকা ও আইসিপি-এলসিপি এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে, আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি পরিচালনা করা হচ্ছে।









