ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে সরকার বিভিন্ন জনবহুল এলাকায় ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়।
সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। সভায় মোট ১২টি সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভার প্রশাসক অংশগ্রহণ করেন। সভায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তুর ব্যাপারে জনগণকে স্পষ্ট ধারণা দিতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের মাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হবে।
ইতোমধ্যেই সরকার এই প্রচারণা শুরু করেছে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।সভায় তথ্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা গণভোটের বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।
কিছু এলাকায় ইতোমধ্যেই বিলবোর্ড স্থাপন করা হয়েছে এবং আরও স্থাপনের কার্যক্রম চলমান। সভায় সভাপতিত্বকারী সবাইকে গণভোটের লোগো সর্বত্র ব্যবহার করতে অনুরোধ করেন, যাতে জনগণের মধ্যে সচেতনতা ও আগ্রহ সৃষ্টি হয়।
আগামী ৭ দিনের মধ্যে বিলবোর্ডের মাধ্যমে গণভোটের লোগো, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ব্যালট এবং গণভোট সম্পর্কিত লিফলেট যথাসম্ভব জনবহুল স্থানে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে তাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়েছে।









