ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান।
এ খবরে পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’কে নোঙর তুলে যাত্রা শুরুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সবার জন্য হরমুজ প্রণালি খুলে দেয়ার ঘোষণা পর পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’কে নোঙর তুলে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে রওনা দেয়ার নির্দেশনা দিয়েছে বিএসসি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানান, রাত ৯টার দিকে এই নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি হরমুজ প্রণালি পার হওয়ার জন্য আনুষ্ঠানিক অনুমতিও চেয়েছে জাহাজটি। হরমুজ পার হয়ে ফুজাইরা বন্দর হয়ে পরবর্তীতে জাহাজটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য রওনা দিবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ৩১ জন নাবিকসহ টানা ৪০ দিন আটকে ছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করার পর জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দেয়।
তবে ১০ এপ্রিল হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছেও ইরান সরকারের অনুমতি না পাওয়ায় জাহাজটিকে বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতের সারজাহ বন্দরে ফিরে যেতে হয়।









