দুর্নীতি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান তার আয়কর নথি জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, এসব লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর সংক্রান্ত সকল নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।









