রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির নিচে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে লঞ্চের তলা ফেটে ভেতরে পানি ঢুকতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জুরাছড়ি উপজেলা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে রাঙামাটি শহরের উদ্দেশ্যে ছেড়ে যায় ‘এলএম নাছিমা’ নামের লঞ্চটি। যাত্রাপথে দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাস্তার মাথা এলাকায় পানির নিচে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে।
পরিস্থিতি বুঝতে পেরে লঞ্চচালক দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে লঞ্চটি ভিড়ান। পরে যাত্রীরা নিরাপদে নেমে বিকল্প নৌযানে করে রাঙামাটি শহরে পৌঁছান।
লঞ্চের যাত্রী মফিজুর রহমান রাঙামাটিতে পৌঁছে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম জানান, লঞ্চটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।









