প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজিরে সমন জারি করা হয়েছে।
গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২১ এপ্রিল তাঁকে আদালতে হাজির হতে এ সমন দেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মামলায় অভিযোগ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় আসামি মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। শুধু তা-ই নয়, নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিতে থাকেন।
সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে মামলার বাদী আশরাফুল ইসলাম দেখতে পান, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর বক্তব্য দিচ্ছেন।









