পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষ হয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় বায়ুর মান বেশ ভালো থাকলেও, ছুটি শেষে কর্মব্যস্ততা ও যানবাহন বাড়ায় জনাকীর্ণ শহরটির বাতাস আবার অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
আজ (বুধবার) ৭টা থেকে ৮টার মধ্যে ১৬৬ স্কোর নিয়ে ঢাকার বায়ুমান ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে। একই সময়ে বায়ু দূষণে শীর্ষ অবস্থান করছিল ভারতের দিল্লি। শহরটির বায়ুমান ছিল ২৫৮।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দূষিত শীর্ষ শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল চীনের বেইজিং, যেখানে বায়ুদূষণের মাত্রা ২৩৩। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই ও সৌদি আরবের রিয়াদ।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো ইন্দোনেশিয়ার বাতাম। শহরটির বায়ুর কোনও স্কোরই ছিলো না। তালিকায় এরপরেই রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন, যুক্তরাজ্যের বার্মিংহাম ও যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড।
আইকিউএয়ার অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।









