রাতের মধ্যে দেশের টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই দমকা হাওয়া প্রবাহিত হতে পারে, যা হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়ে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।









