গণভোট ইস্যুতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে যারা অতীতে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ সকল সংসদ সদস্যদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটি অনেকটা বাকশালি কায়দায় দমনের চেষ্টা। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন সংবিধান শুধু আপনারা একাই পড়েন না, আমরাও বুঝি।
আইনমন্ত্রী ও চিফ হুইপকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি গণভোটের পক্ষে ভোট দিয়ে থাকেন, তবে এখন কেন তাকে অবৈধ বলছেন? নিজের দেওয়া ভোট অস্বীকার করা মানে নিজের আত্মপরিচয়কে ইগনোর করা। সত্য স্বীকার করুন এবং সংস্কার পরিষদের বৈধতাকে মেনে নিয়ে তা বাস্তবায়ন করুন।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ক্ষমতায় আসার মাত্র দেড় মাসেই আপনারা ব্যাংক থেকে ৪২ হাজার কোটি টাকা লোন নিয়েছেন। রেমিট্যান্স কমছে, দ্রব্যমূল্য বাড়ছে এবং দেশে জ্বালানি সংকট প্রকট হচ্ছে। এই সংকট সমাধানের পরিবর্তে আপনারা ফ্যাসিবাদী শাসনের দিকে ঝুঁকছেন।









