‘দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ’
প্রকাশ:

বিস্তারিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তালিকায় তরুণ, ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীদের প্রাধান্য পেলেও বাদ পড়েছেন অনেক প্রত্যাশিত নাম। এরই প্রেক্ষাপটে দলীয় মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী কনকচাঁপা।
সোমবার (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, জীবনের প্রতিটি পরিস্থিতিতেই তিনি “আলহামদুলিল্লাহ” বলেন এবং সবকিছুই সৃষ্টিকর্তার সিদ্ধান্ত হিসেবে মেনে নেন।
পোস্টে কনকচাঁপা জানান, জাতীয় নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার চেষ্টা করেও মনোনয়ন পাননি। এরপর গ্রামীণ মানুষের অনুরোধে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, সেখানেও পাননি প্রত্যাশিত মূল্যায়ন।
তিনি লেখেন,“গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও সংরক্ষিত আসনের প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। সেখানেও আমাকে মূল্যায়ন করা হয়নি। তবুও বলি আলহামদুলিল্লাহ—নিশ্চয়ই এর মধ্যে মঙ্গল আছে।”
নিজেকে ‘সাদামাটা মানুষ’ উল্লেখ করে এই শিল্পী বলেন,“দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি, এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।”
পোস্টের শেষাংশে দেশপ্রেমের কথা তুলে ধরে শিল্পী বলেন, ‘ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই।’ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আগের মতোই তার সাথে থাকার আহ্বান জানান।








