বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যা মামলার তদন্ত এখন প্রায় শেষ পর্যায়ে। তবে তদন্ত সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন। এ সময় আদালত তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দেন হাইকোর্ট। আদালত বলেছেন, শেষবারের মত সময় দেওয়া হলো। এই ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেই হবে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
মামলার অগ্রগতি তদারকির অংশ হিসেবে এর আগে বিভিন্ন সময় একাধিক দফায় সময় বাড়ানো হয়। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের স্বার্থে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়।
এই টাস্কফোর্সে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে পুলিশ, সিআইডি ও র্যাবের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়। অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত এ কমিটিকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছিল।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ ১ যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত এখনও শেষ হয়নি, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।









