উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে সাগর উত্তাল হয়ে উঠতে পারে। এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বায়ুমণ্ডলীয় অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, ফলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে জেলে ও ট্রলার মালিকদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।









