জঙ্গি হামলার সম্ভাব্য আশঙ্কাকে সামনে রেখে দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলোতে অ্যারাইভাল ও ডিপারচার-উভয় বিভাগেই তল্লাশি বাড়ানো হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিমানবন্দর-সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, পুলিশ সদর দপ্তর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর পরপরই প্রতিটি বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
নির্দেশনার অংশ হিসেবে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক কোনো কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতের ফ্লাইটগুলোতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।









