আবার এক মঞ্চে গাইবেন নগর বাউলের জেমস ও ভারতের জনপ্রিয় রকশিল্পী রূপম ইসলাম। আগামী সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট। আয়োজন করছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।
আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারের মঞ্চে উঠবেন বাংলা রকের দুই জনপ্রিয় তারকা-নগর বাউলের জেমস ও রূপম ইসলাম। তাদের সঙ্গে থাকবে নিজ নিজ ব্যান্ড নগর বাউল ও ফসিলসের সদস্যরা।
আয়োজকদের ভাষ্য, বাংলা রক সংগীতের ইতিহাসে অস্ট্রেলিয়ায় এমন আয়োজন আগে কখনও হয়নি।
তাদের মতে, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং বাংলা রকের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আয়োজন হতে যাচ্ছে। যেখানে ভক্তদের কৈশোর, প্রেম, বিদ্রোহ আর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা গানগুলো আবারও জীবন্ত হয়ে উঠবে। প্রতিধ্বনিত হবে বহু জনপ্রিয় গান, তৈরি হবে নতুন স্মৃতি।
অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেছেন, ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট নিয়ে আয়োজকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। এখনও অনুষ্ঠান হতে কিছুটা সময় বাকি থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না। তবে তারা যেভাবে পরিকল্পনা সাজিয়েছে, তাতে আশা করা যায় এটি হবে বর্ণাঢ্য আয়োজন।
এদিকে রূপম ইসলাম বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার নতুন বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে।









