প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলে যুক্ত করতে যাচ্ছে। সার্চে ইতোমধ্যে চালু হওয়া এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলায় ই-মেইল প্ল্যাটফর্মেও এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
গুগলের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনে বড় পরিবর্তন আসছে। নতুন সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই-মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে তুলে ধরবে এআই। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ও জরুরি ই-মেইল শনাক্ত করতে পারবেন এবং অল্প সময়েই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
এ ছাড়া, জিমেইলের সার্চ অপশনে সরাসরি প্রশ্ন করেও তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারীর প্রশ্ন বিশ্লেষণ করে একাধিক ই-মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক সারাংশ তৈরি করবে এআই। এতে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।
প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহারের জন্য আগে থেকেই জেমিনাই ফর ওয়ার্কস্পেসসহ গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচারস চালু রাখতে হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ ই-মেইল ব্যবস্থাপনায় গতি ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









