অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত।
এই মামলায় অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ অভিযোগ করেন, মেটা তাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ভুল তথ্য দিয়েছে এবং শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
আদালতে উপস্থাপিত অভিযোগে বলা হয়, মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের কাছে অপরাধীরা সহজেই পৌঁছাতে পেরেছে। এর ফলে শিশু নির্যাতন ও পাচারের মতো গুরুতর ঘটনার ঝুঁকি বেড়েছে।
এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো জুরি বোর্ড মেটার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে সিদ্ধান্ত দিয়েছে।
তবে আদালতের এই রায়ের সঙ্গে একমত নয় মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তাদের দাবি, ক্ষতিকর কনটেন্ট সরাতে তারা নিয়মিত কাজ করছে এবং শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে শিশুদের নিরাপত্তার জন্য একটি বড় জয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই রায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা মুনাফার চেয়ে শিশুদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনো প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়।
মামলায় রাষ্ট্রপক্ষ ২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করলেও জুরি বোর্ড ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা অনুমোদন করেছে। এছাড়া আগামী মে মাসে মামলার দ্বিতীয় ধাপে আদালতের কাছে মেটার কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা এবং অতিরিক্ত জরিমানা আরোপের আবেদন জানানো হবে।
সূত্র : রয়টার্স









