তামিল টেলিভিশনের পরিচিত অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজের বাসভবন থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৬ বছর।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। মৃত্যুর ঠিক আগে ভিডিও কলের সময় স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে তীব্র তর্ক-বিতর্ক হয়।
পুলিশের ধারণা, সেই ঝগড়ার রেশ ধরেই সুভাষিনী ক্ষোভ ও অভিমানে চরম সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক সূত্র জানিয়েছে, ঘটনার দিন তিনি স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন।
কোনো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের পর তিনি নিজেকে একটি রুমে আটকে ফেলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় থানায় ইতোমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। অভিনেত্রীর মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষা করে পুলিশ মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের চেষ্টা করছে। স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন কতটা গুরুতর ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।









