ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
গতকাল শুক্রবার বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বললেন, শিশুদের ওপর ক্রমবর্ধমান মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব ঠেকাতেই ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে। এটিই প্রথম ভারতের কোনো রাজ্যে এ ধরনের নিষেধাজ্ঞা।
বিশ্বজুড়েই শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একই ধরনের নীতি নিয়ে ভাবছে যুক্তরাজ্য, ডেনমার্ক ও গ্রিস।
প্রযুক্তিনগরী বেঙ্গালুরুকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজ্যটি হলো কর্ণাটক। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যমের বাজার। দেশে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৭৫ কোটি স্মার্টফোন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম মেটা–এর জন্যও এটি সবচেয়ে বড় বাজার। যেখানে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ–এর ব্যবহারকারী সংখ্যা সবচেয়ে বেশি।
এদিকে কর্ণাটকের প্রতিবেশী রাজ্য গোয়া-ও একই ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ রাজ্যেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রস্তাব করা হয়েছে।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, শুধু বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর নাও হতে পারে। কারণ অনেক শিশু ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সহজেই এসব সীমাবদ্ধতা এড়িয়ে যেতে পারে।









