আট বছর ও তার কম বয়সী শিশুদের জন্য ‘নেটফ্লিক্স প্লেগ্রাউন্ড’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।এই প্ল্যাটফর্মটি ছোট শিশুদের বিনোদন, শিক্ষা এবং সৃজনশীলতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
গত সোমবার এই অ্যাপটি চালু হয়। ভিডিও গেমের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জনপ্রিয় সব শো-এর ওপর ভিত্তি করে তৈরি গেম ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাসম্পন্ন এই অ্যাপটি নিয়ে এসেছে নেটফ্লিক্স।
নেটফ্লিক্সের সব ধরনের সাবস্ক্রিপশনেই এই অ্যাপটি অন্তর্ভুক্ত থাকবে। অ্যাপটিতে থাকা প্রতিটি গেম অফলাইনেও খেলা যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘প্লেটাইম উইথ পেপা পিগ’, ‘ডক্টর সিউস’স হর্টন!’ এবং ‘সিসেমি স্ট্রিট’।
অ্যাপটিতে পাজল, মেমোরি গেম, ছবি রঙ করা এবং সৃজনশীল নানা ধরনের কাজ বা ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি রয়েছে। গেমাররা ‘প্লেটাইম উইথ পেপা পিগ’, এলমো ও কুকি মনস্টারের মতো চরিত্র নিয়ে ‘সিসেমি স্ট্রিট’ মিনি-গেম এবং ‘ডক্টর সিউস’ থিমের অ্যাডভেঞ্চারে অংশ নিতে পারবে।
প্রতিষ্ঠানটির দাবি, এই প্ল্যাটফর্মটি ছোট শিশুদের বিনোদন, শিক্ষা এবং সৃজনশীলতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি শিশুদের জন্য একটি নিরাপদ ও বিজ্ঞাপনহীন পরিবেশ নিশ্চিত করবে, যেখানে গেমের ভেতরে বাড়তি কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হবে না।
স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, অ্যাপটিতে আগে থেকেই বিদ্যমান ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবকদের নিয়ন্ত্রণের সুবিধাগুলো রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের জন্য আলাদা প্রোফাইল তৈরি, বয়স অনুযায়ী কনটেন্ট ফিল্টার, নির্দিষ্ট টাইটেল ব্লক করা এবং ভিউয়িং হিস্ট্রি বা দেখার তালিকা যাচাই করার সুবিধা। এসব টুল ব্যবহার করে অভিভাবকেরা তাঁদের শিশুদের জন্য গেমগুলো পছন্দমতো সাজিয়ে দিতে পারবেন।
বিশ্লেষকদের মতে, গেমিং খাতের এই প্রচেষ্টাগুলো নেটফ্লিক্সের ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য এখনো বড় কোনো চালিকাশক্তি হয়ে উঠতে পারেনি। এর একটি প্রধান কারণ হিসেবে তাঁরা মনে করছেন, ওয়ার্নার ব্রোস ডিসকভারির মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নেটফ্লিক্সের নিজস্ব জনপ্রিয় ও কালজয়ী ফ্র্যাঞ্চাইজির অভাব।
নেটফ্লিক্স ২০২১ সালে প্রথম মোবাইল গেম চালু করেছিল। তবে শিশুদের জন্য বিশেষায়িত গেমিং অ্যাপ এটিই প্রথম। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও নিউজিল্যান্ডে অ্যাপটি পাওয়া যাচ্ছে এবং আগামী ২৮ এপ্রিল এটি বিশ্বজুড়ে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। বড়দের পাশাপাশি নেটফিল্স এখন শিশুদেরও বিনোদনের প্লাটফর্ম।









