জি-মেইলের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন আপডেট এনেছে গুগল।ডিজিটাল যুগে তথ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই তথ্য দখল করতেই সবসময় তৎপর থাকে সাইবার অপরাধীরা। ব্যক্তিগত ই-মেইল, ছবি বা বার্তা কখন হ্যাকারদের হাতে চলে যায়, অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না। এই ঝুঁকি কমাতে এতদিন অনেকেই হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহারকে বেশি নিরাপদ মনে করতেন। কারণ সেখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থায় বার্তা বা কল শুধু প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
এবার একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে জি-মেইল। গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ই-মেইল আরও সুরক্ষিত থাকবে, ফলে তৃতীয় পক্ষ তো দূরের কথা, গুগল নিজেও সেই মেইলের কনটেন্ট দেখতে পারবে না।
প্রাপক যদি জি-মেইল ব্যবহারকারী হন, তাহলে তিনি মেইলটি স্বাভাবিক কথোপকথনের মতোই দেখতে পাবেন। আর যদি অন্য কোনো ই-মেইল সার্ভিস ব্যবহার করেন, তাহলে একটি সুরক্ষিত ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সেই মেইল অ্যাক্সেস করতে পারবেন এবং জবাবও দিতে পারবেন।
তবে এই সুবিধা আপাতত সবার জন্য উন্মুক্ত নয়। এটি বর্তমানে গুগল ওয়ার্কস্পেসের এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অ্যাডমিনদের আলাদা করে সেটিংস থেকে এটি চালু করতে হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই প্ল্যাটফর্মেই ধাপে ধাপে এই ফিচার পৌঁছে দেওয়া হচ্ছে।
বিশেষ করে যেসব প্রতিষ্ঠান সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে, তাদের জন্য এই আপডেট বেশ গুরুত্বপূর্ণ। এটি ডাটা সুরক্ষা, গোপনীয়তা এবং নিয়ম মেনে চলার ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। সব মিলিয়ে, এই নতুন সুবিধার ফলে মোবাইল ব্যবহারকারীদের জন্য নিরাপদ ই-মেইল আদান-প্রদান এখন আরও সহজ এবং নির্ভরযোগ্য হয়ে উঠেছে।









