ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স আলাদা একটি মেসেজিং অ্যাপ চালু করেছে। ‘এক্স চ্যাট’ নামের নতুন এই অ্যাপটি প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়া অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে ফাইল শেয়ারিং, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের মতো সুবিধা।
এর আগে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে এক্স চ্যাট চালু করা হয়েছিল। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন শেষে এবার এটি উন্মুক্ত করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ এক্স-এর দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে মেসেজিং, পেমেন্টসহ বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর আগে প্ল্যাটফর্মটিকে ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন এলন মাস্ক।
নতুন অ্যাপটিতে গোপনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি করেছে এক্স। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট সুবিধার পাশাপাশি স্ক্রিনশট ব্লক করার অপশনও রাখা হয়েছে। এছাড়া ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের মাধ্যমে নির্দিষ্ট সময় পর বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
তবে নিরাপত্তা নিয়ে সংশয়ও রয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ সিগন্যাল-এর তুলনায় এক্স চ্যাট এখনো তুলনামূলক কম নিরাপদ হতে পারে। ফলে সময়ের সঙ্গে এর নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী হয়, সেটিই দেখার বিষয়।
এদিকে এক্স জানিয়েছে, তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যবহারকারীদের এক্স চ্যাট-এ স্থানান্তর করা হবে, যা নতুন অ্যাপটির ব্যবহার বাড়াতে সহায়ক হতে পারে।
প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, মেসেজিং সেবার বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতেই এক্স-এর এই উদ্যোগ। ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।









