দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন দুই দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা হয়েছে এবং রাত ৮টা থেকে জাতীয় গ্রিডে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এজন্য প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে হঠাৎ করেই প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে উৎপাদন স্থগিত রাখতে হয়। পরে প্রকৌশলীদের নিবিড় তদারকিতে দ্রুত ত্রুটি সারিয়ে ইউনিটটি আবার চালু করা সম্ভব হয়েছে।
প্রথম ইউনিটটি চালু হওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহ করা কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই তাপ বিদ্যুৎকেন্দ্রটি পরিচালিত হয়। তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেছেন, প্রথম ইউনিট চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ কিছুটা স্বস্তি পাবেন এবং লোডশেডিং কমে আসবে বলে আশা করা যাচ্ছে।









