দেশের বাজারে স্বর্ণের দামে স্বস্তি ফিরছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয়ভাবে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) একই দামে বিক্রি হবে স্বর্ণ।
নতুন নির্ধারিত দাম-
২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা
সনাতন: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৫ বার।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।









