মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণের লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তারা (ইরান) একটি প্রস্তাব দিচ্ছে, এখন দেখতে হবে সেটি কী হয়। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে তিনি এখনো অবগত নন বলেও জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে-এ প্রশ্নে সরাসরি কিছু বলতে চাননি ট্রাম্প। তিনি বলেছেন, আমি সেটা বলতে চাই না, তবে আমরা বর্তমানে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গেই কথা বলছি।
এদিকে, ইসলামাবাদ-এ আবারও বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার-কে আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হওয়ার কথা।
এর আগে শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির-সহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা’ নিশ্চিতের চলমান উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।









