ভারত মহাসাগরে ইরানের তেলবাহী পতাকাবিহীন ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটিতে রাতভর তল্লাশি চালানো হয়েছে। জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভারত মহাসাগরে অবস্থান করছিল।
মার্কিন বাহিনী জানিয়েছে, অবৈধ তেল বাণিজ্য নেটওয়ার্ক ভেঙে দিতে এবং ইরানকে সহায়তাকারী জাহাজগুলো শনাক্ত ও আটক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, আন্তর্জাতিক জলসীমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর জন্য নিরাপদ আশ্রয় নয়।
জাহাজটিকে ‘পতাকাবিহীন’ হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটি কোনো দেশের নিবন্ধিত নয়। আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী, এ ধরনের জাহাজে তল্লাশি চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী বেশি ক্ষমতা পেয়ে থাকে।
গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া অবরোধের পর সমুদ্রপথে নজরদারি ও অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে ওমান-এ একটি ইরানি জাহাজ জব্দ এবং মালয়েশিয়া ও ইন্ডিয়া -এর কাছাকাছি তিনটি সুপারট্যাঙ্কার আটক করার ঘটনাও ঘটেছে।
এদিকে,হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
যুদ্ধবিরতি বাড়লেও সংঘাতের প্রভাব এখনও কাটেনি। উভয় পক্ষই জাহাজ জব্দ এবং হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখার কৌশল অব্যাহত রেখেছে।









