বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জনের অবসান ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিজের ‘সোলমেট’ বা আত্মার বন্ধু হিসেবে উল্লেখ করে সব ধরনের বিচ্ছেদের জল্পনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন অভিষেক।
প্রখ্যাত সাংবাদিক সুভাষ কে ঝার সঙ্গে আলাপকালে তিনি তাদের সম্পর্কের শুরুর গল্প তুলে ধরেন। ২০০০ সালে ঢাই অক্ষর প্রেম কে সিনেমার শুটিং সেটে প্রথম পরিচয় হলেও, পরে উমরাও জান ছবির কাজের সময়ই ঐশ্বরিয়ার প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয় বলে জানান তিনি।
অভিষেক বলেন, তাদের অভিনীত গুরু মুক্তির কয়েক মাস পরই তারা বিয়ে করেন। এই সিনেমার পরিচালক মণিরত্নম-কে তিনি তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে উল্লেখ করেন এবং ‘গডফাদার’ বলেও অভিহিত করেন।
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিষেক বলেন, ঐশ্বরিয়া শুধু তার সন্তানের মা নন, বরং তার জীবনের সবচেয়ে কাছের মানুষ। তাদের মেয়ে আরাধ্যা বচ্চন-কে সঠিক মূল্যবোধ দিয়ে বড় করে তোলার পুরো কৃতিত্বও তিনি ঐশ্বরিয়াকে দেন। তাদের ১৯ বছরের দাম্পত্য জীবনকে তিনি ‘স্বপ্নের মতো’ বলে উল্লেখ করেন এবং সামনে ২০তম বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ পরিকল্পনার কথাও জানান।
হালকা হাস্যরসের ছলে অভিষেক বলেন, সম্পর্ক ভালো রাখতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে কোনো কারণ ছাড়াই স্ত্রীকে অন্তত তিনবার ‘সরি’ বলা উচিত।
অন্যদিকে, ঐশ্বরিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করেছেন, যা তাদের সম্পর্কের দৃঢ়তারই ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ও এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছিল।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন









