দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয়-এর সময়টা যেন ভালো যাচ্ছে না। সম্প্রতি নতুন সিনেমা মুক্তির আগেই পাইরেসির শিকার হওয়ার পর এবার আইনি জটিলতায় পড়লেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী, তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।
জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়াই বড় আকারের জনসভা ও র্যালি আয়োজনের অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি বড় র্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমোদন নেওয়া হয়নি।
জনবহুল এলাকায় হঠাৎ করে এমন সমাবেশের কারণে তীব্র যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়।
নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে মাম্বালাম থানায় বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
র্যালির সময় বিজয়কে একটি খোলা ছাদযুক্ত গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। সেই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার সমর্থকের উপস্থিতি এবং আলোকসজ্জার কারণে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের ঘোষণা দেন। তখন তিনি জানান, ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও জনসেবায় বেশি সময় দেবেন।









