যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র্যাপার আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ ঘটনার চিত্র উঠে এসেছে।
ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আইস স্পাইস তার এক বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে বসে ছিলেন। এ সময় এক নারী তার কাছে এসে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে ওই নারী আচমকা তাকে চড় মারেন। সঙ্গে সঙ্গে সেখানে তুমুল হাতাহাতি ও বিশৃঙ্খলা শুরু হয়।
ফুটেজে আরও দেখা গিয়েছে, ঘটনার সময় রেস্টুরেন্টের ভেতরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। উপস্থিত লোকজন চিৎকার করতে থাকেন এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে টেবিল-চেয়ার উল্টে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই গোলযোগ রেস্টুরেন্টের বাইরেও ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক জনতার ভিড় জমে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এ ঘটনার পর আইস স্পাইসের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, তার মক্কেলের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ-কে জানানো হয়েছে।









