দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী জুবিন নটিয়াল বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
সম্প্রতি ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জুবিন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের বিয়েকে লাইমলাইট থেকে দূরে রাখা প্রসঙ্গে তিনি বলেন, আমি সবসময়ই বিশ্বাস করি যে বিয়ের মতো বড় এবং ব্যক্তিগত একটি বিষয় শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। হ্যাঁ, আমি গত বছরই বিয়ে করেছি।
দেরাদুনের সন্তান জুবিন তার বিয়ের জন্য বেছে নিয়েছিলেন নিজের জন্মভূমি উত্তরাখণ্ডকে। তারকাদের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে গিয়ে একবারে ঘরোয়া এবং সাদামাটা আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন তিনি। যেখানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
গোপনীয়তার নেপথ্যে জুবিনের জীবনসঙ্গিনীর বিশেষ ভূমিকা রয়েছে। জুবিন স্ত্রীর সরলতার প্রশংসা করে বলেছেন, তার স্ত্রী অত্যন্ত সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন এবং সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকেন। তার কথায়, আমার স্ত্রীর সারল্যই এর প্রধান কারণ। সে দেরাদুনের এক অতি সাধারণ পরিবারের মেয়ে এবং আমার ছোটবেলার বন্ধু।
আমার পরিবার তাকে আগে থেকেই চিনত। আজকালের বিয়ের অনুষ্ঠানগুলো অনেক সময় বেশি জমকালো ও গোলমেলে হয়ে যায়, তাই আমরা চেয়েছিলাম অনুষ্ঠানটি খুব সাধারণ রাখতে।
শৈশবের বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়া এই সম্পর্কটি শেষ পর্যন্ত পরিণতি পেয়েছে সামাজিকভাবেই। এদিকে জুবিন নটিয়াল ‘রাতাঁ লম্বিয়াঁ’, ‘লুট গায়ে’, কিংবা ‘তুম হি আনা’র মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন। রোমান্টিক এবং সুফি ঘরানার গায়ক হিসেবে ভারতীয় সংগীত জগতে তিনি এখন অন্যন্য উচ্চতায়।









