ভারতীয় রিয়েলিটি শো বিগ বস মারাঠি-এর ষষ্ঠ সিজনকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিনেত্রী সোনালী রাউত। শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ ও চরম অব্যবস্থাপনার অভিযোগ এনে তিনি দাবি করেছেন, সেই পরিবেশে থাকার কারণেই তিনি চর্মরোগে আক্রান্ত হয়েছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার একটি ভিডিও শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনেন সোনালী। তার ভাষ্যমতে , ‘বিগ বস’-এর ঘরের পরিবেশ ছিল বসবাসের সম্পূর্ণ অযোগ্য। রান্নাঘরে ইঁদুরের উপদ্রব ছিল এবং ইঁদুরে খাওয়া সবজি দিয়েই খাবার তৈরি করা হতো। এমনকি বাইরে থেকে আসা খাবারেও তেলাপোকা পাওয়া যেত বলে অভিযোগ করেছেন তিনি।
শুধু তাই নয়, শাস্তির অংশ হিসেবে ১৭ জন প্রতিযোগীর জন্য মাত্র একটি বাথরুম ব্যবহার করতে দেওয়া হতো বলেও দাবি করেছেন এই অভিনেত্রী। সেই বাথরুমে ধূমপান, ময়লা ফেলা, এমনকি খাবার খাওয়ার মতো ঘটনাও ঘটত। সেখানে ডিমের খোসা ও মরা ইঁদুর পড়ে থাকতে দেখেছেন বলেও উল্লেখ করেছেন তিনি। নারী-পুরুষের জন্য আলাদা শৌচাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সোনালী।
অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি পর্যাপ্ত খাবার ও বিশ্রামের অভাবের কথাও বলেছেন তিনি। অভিযোগ অনুযায়ী, শোতে ব্যবহৃত মাইক্রোওয়েভ বা কাপড় শুকানোর যন্ত্রের মতো সরঞ্জামগুলো ছিল পুরনো এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি। এছাড়া তার ব্যক্তিগত চুক্তিনামা অন্য প্রতিযোগীদের সঙ্গে শেয়ার করা হয়েছে, যা পেশাদারিত্বের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি।
রিয়েলিটি শোর আড়ালে প্রতিযোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আপস করা হচ্ছে-এমন অভিযোগ তুলে এই পরিস্থিতির প্রতিকার দাবি করেছেন সোনালী রাউত। তার এসব অভিযোগ ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।









