প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান এবং দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা।
শনিবার (১৮ এপ্রিল) মুম্বাইয়ে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদের নতুন সিনেমার শুটিং।
এখনও নাম চূড়ান্ত না হওয়া এই অ্যাকশন-ড্রামা প্রজেক্টটি আপাতত ‘#SVC63’ নামে পরিচিত। প্রযোজক দিল রাজুর -এর ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা বংশী পৈডিপল্লী। সালমান খানের সঙ্গে এটিই তার প্রথম কাজ।
সিনেমাটি ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে মহরতের ছবি শেয়ার করে লিখেছেন, আজ থেকে সবকিছু শুরু হলো।
শুটিং শুরুর খবর প্রকাশ্যে আসতেই বলিউডের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা অনিল কাপুর ও নম্রতা শিরোদকর সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা জানান। জানা গেছে, মুম্বাইয়ে সেট নির্মাণ করে পুরোদমে চলছে শুটিং।
এর আগে চলতি মাসের শুরুতে নতুন এই সিনেমা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন সালমান খান। তিনি জানিয়েছেন, নির্মাতা বংশী পৈডিপল্লী ও প্রযোজক দিল রাজুর এই প্রজেক্টটি হবে আবেগ ও অ্যাকশনে ভরপুর।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে সালমান খান ও নয়নতারার প্রথম জুটি বাঁধা এই বহুল প্রতীক্ষিত সিনেমা।









