দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে তার ব্র্যান্ড ভ্যালুও ক্রমাগত বাড়ছে। তবে সম্প্রতি একটি বিজ্ঞাপন সংক্রান্ত আইনি জটিলতায় কিছুটা বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী।
একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও তার ছবি ব্যবহার করার অভিযোগ তুলে তামান্না ভাটিয়া এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। তবে তার এই দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত।
জানা গেছে, ২০০৮ সালের ৭ অক্টোবর সংশ্লিষ্ট সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তামান্না ভাটিয়ার ৬.২ কোটি রুপির একটি বড় বিজ্ঞাপন চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত সংস্থাটিকে তার ছবি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল।
কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সংস্থাটি তার অনুমতি ছাড়াই পণ্যের প্রচারে তার ছবি ব্যবহার করতে থাকে বলে অভিযোগ তোলেন অভিনেত্রী। তার দাবি, এটি সম্পূর্ণ বেআইনি এবং তার পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
এই কারণে তিনি সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন এবং আদালতের দ্বারস্থ হন।
অন্যদিকে, বিজ্ঞাপন প্রচারকে ঘিরে জনমনে অসন্তোষ তৈরি হওয়ায় এক পর্যায়ে সংস্থাটি তামান্নার ছবি বিজ্ঞাপন থেকে সরিয়ে নিতে বাধ্য হয়।
মামলাটি শুনানির সময় মাদ্রাজ উচ্চ আদালত বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে। আদালতের বিচারপতি রায়ে উল্লেখ করেন, অভিনেত্রীর পক্ষ থেকে উপস্থাপিত নথি ও যুক্তি ক্ষতিপূরণ দাবির পক্ষে যথেষ্ট বা যুক্তিসঙ্গত নয়।
ফলে তামান্না ভাটিয়ার করা এক কোটি রুপির ক্ষতিপূরণের আবেদন সরাসরি খারিজ করে দেন আদালত।
এই রায়ের ফলে বিজ্ঞাপন চুক্তি ও সেলিব্রিটি ইমেজ ব্যবহারের আইনি দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।









