উত্তর আমেরিকার বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ে আলোচনায় তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে। মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি দীর্ঘদিন শীর্ষে থাকা ‘হাওয়া’ ছবির লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে।
নতুন মাইলফলক হিসেবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে উত্তর আমেরিকায় ৪ লাখ ডলারের ক্লাবে জায়গা করে নিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।
তিনি জানিয়েছেন, মুক্তির প্রথম ১৭ দিনেই ছবিটি উত্তর আমেরিকায় ৪ লাখ ১ হাজার ডলার আয় করেছে। শুধু তাই নয়, তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। এ সময় আরও প্রায় ৪০ হাজার ডলার আয় করে নতুন রেকর্ড গড়েছে।
বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত ও হইচই প্রডাকশন সহ-প্রযোজিত এই তারকাবহুল ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী ও মাশাসহ আরও অনেকে।
বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এখন উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।









