বলিউডে একসময় বহুল আলোচিত জুটি ছিলেন অক্ষয় কুমার ও প্রিয়াংকা চোপড়া। ‘আন্দাজ’, ‘অ্যায়তরাজ’ ও ‘ওয়াক্ত’সহ একাধিক সফল সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল। তবে পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক সুনীল দর্শন।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, ২০০৫ সালে ‘বরসাত’ সিনেমার শুটিং চলাকালীন সময় থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সিনেমাটিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া, বিপাশা বসু এবং ববি দেওল। যদিও শুরুতে নায়ক হিসেবে নির্বাচিত ছিলেন অক্ষয় কুমার। শুটিংয়ের অনেকটাই এগিয়ে গিয়েছিল, এমনকি একটি গানের দৃশ্যও সম্পন্ন হয়েছিল।
এই সময়েই প্রিয়াংকার সঙ্গে তার ঘনিষ্ঠতা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে বলে জানান পরিচালক। বিষয়টি এতটাই আলোচিত হয়ে ওঠে যে, অক্ষয়ের পারিবারিক জীবনেও চাপ সৃষ্টি হয়। বিশেষ করে তার স্ত্রী টুইঙ্কেল খান্না এ নিয়ে বিরক্ত হয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত অক্ষয় কুমার নিজেই পরিচালকের কাছে সিনেমা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। ফলে মাঝপথেই তাকে ‘বরসাত’ থেকে বাদ দেওয়া হয় এবং পরবর্তীতে তার জায়গায় ববি দেওলকে নিয়ে নতুন করে শুটিং শুরু করা হয়।
এই প্রসঙ্গে সুনীল দর্শন বলেন, যেহেতু অক্ষয় বিবাহিত ছিলেন, তাই এই পরিস্থিতিতে দায় তারই নেওয়া উচিত ছিল। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এ ঘটনায় প্রিয়াংকা চোপড়াকে তিনি দায়ী মনে করেন না। বরং বাস্তবতা বিবেচনায় তিনি অক্ষয়কে সিনেমা থেকে সরে যাওয়ার সুযোগ দেন এবং প্রিয়াংকার সঙ্গে কাজ চালিয়ে যান।
এই ঘটনার পর থেকেই অক্ষয় ও প্রিয়াংকা আর একসঙ্গে পর্দায় জুটি বাঁধেননি। তবে তাদের রসায়ন আজও দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।









