বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ অস্কার থেকে যখন কোনো স্বীকৃতি আসে, তা যে কোনো শিল্পীর জন্যই এক বিশেষ মুহূর্ত। আর সেই সম্মান যদি আসে বলিউডের কিং শাহরুখ খানের একটি কালজয়ী দৃশ্যকে ঘিরে, তবে তা নিঃসন্দেহে ভক্তদের জন্যও গর্বের বিষয়।
সম্প্রতি শাহরুখ খান-এর ‘ওম শান্তি ওম’ ছবির স্মরণীয় এক দৃশ্য শেয়ার করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ছবিটির একটি জনপ্রিয় দৃশ্য প্রকাশ করেছে।
অস্কারের মতো মঞ্চ থেকে এমন সম্মাননা পেয়ে আপ্লুত শাহরুখ খান। অস্কারের এই সম্মাননা নিয়ে তার স্বভাবসুলভ রসিকতা ও বিনম্রতায় এর উত্তর দিয়েছেন।
ছবির সেই বিখ্যাত পুরস্কার জয়ের ভাষণের দৃশ্যটি শেয়ার করে শাহরুখ খান অ্যাকাডেমি ক্যাপশনে লিখেছে, ভাগ্যের একটি বিষয় হলো... এটি লক্ষ্যভ্রষ্ট হয় না। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যাকাডেমির সেই পোস্টটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ওমের সেই ভাষণের মাধ্যমে আমাকে স্মৃতির সরণিতে ফিরিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। এবার নিজেকে সত্যিই বিশ্বের রাজা মনে হচ্ছে।
শাহরুখের পাশাপাশি ছবিটির পরিচালক ফারাহ খানও অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মজার ছলে ছবিরই জনপ্রিয় সংলাপ আওড়ে লিখেছেন, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।
২০০৭ সালে মুক্তি পাওয়া 'ওম শান্তি ওম' ছিল সে সময়ের অন্যতম ব্যবসা সফল সিনেমা। পুনর্জন্ম, প্রেম এবং প্রতিশোধের মিশেলে তৈরি ছবিটির মাধ্যমেই বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। দীর্ঘ ১৭ বছর পর বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ এই মঞ্চ থেকে ছবিটির প্রতি এমন শ্রদ্ধা প্রদর্শন ভক্তদের মাঝেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত আছেন তার পরবর্তী মেগা প্রজেক্ট 'কিং' নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি এই ছবির কিছু নতুন দৃশ্য সামনে এসেছে, যেখানে শাহরুখকে অত্যন্ত মারকুটে ও বিধ্বংসী লুকে দেখা গেছে। এই সিনেমায় শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন।









