হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের যেসব বোট মাইন স্থাপন করছে, সেগুলোতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই নির্দেশের কথা জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রয়োজন হলে ওই বোটে থাকা ইরানি সেনাদের লক্ষ্য করেও ব্যবস্থা নিতে হবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌযান আকারে ছোট হলেও দেখামাত্র ধ্বংস করতে নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে ইরানের নৌবাহিনীর বহু জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রের তলদেশে রয়েছে।
ট্রাম্প বলেন, মাইন অপসারণকারী মার্কিন জাহাজগুলো ইতোমধ্যে প্রণালিটি পরিষ্কারের কাজ করছে এবং এই অভিযান থামানো হবে না, বরং আগের চেয়ে তিনগুণ গতিতে তা চালানো হবে।
অপর এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান কোনো চুক্তিতে না এলে নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না এবং প্রণালিও খোলা হবে না।
তিনি আরও দাবি করেন, ইরানের অভ্যন্তরে বর্তমানে রাজনৈতিক বিভাজন চলছে এবং কট্টরপন্থি ও মধ্যমপন্থিদের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। এমনকি দেশটির নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল









