ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জিয়া ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহ আগামী ১ মে থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল)জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যদিও বিদ্যুতের উৎপাদনে আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা ১ মে তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সংসদ সদস্য রুমিন ফারহানা নিজ এলাকায় ঘরে ঘরে নতুন গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন।
এই প্রস্তাবের উপর বক্তব্যে জ্বালানী মন্ত্রী বলেছেন, ২০১৬ সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। প্রেসার কমে যাওয়ার ফলে এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিগুলোতে লাইন আছে সেসব জায়গায় প্রেসার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেইজন্য আমরা এখন শুধু উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি।
তিনি আরও বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনরকম অনুসন্ধান করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুষ্ঠানিক কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে সফলকাম হই, আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেসব জায়গায় কানেকশন দিতে পারব। প্রেশারও দিতে পারব।
মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রুমিন ফারহানা বলেছেন, গত ১৫ বছরে আসলে কোন রকম জ্বালানির অনুসন্ধান হয়নি। বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের ১১কিলোমিটার এলাকায় ৯টি স্থানে ২৭টি কূপ রয়েছে। এরমধ্যে ২২টা কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এইসব কুপ থেকে দৈনিক গড় ৩৩৩.৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে, এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে।
রুমিন ফারহানা বলেছেন, গ্যাসের অভাবে আশুগঞ্জ সার কারখানাটি বন্ধ হয়ে গেছে। সার কারখানাটিতে গ্যাস দিয়ে কারখানাটি চালুর দাবি জানিয়েছেন তিনি।
জবাবে মন্ত্রী বলেছেন, সংসদ সদস্য রুমিন ফারহানাকে একটা সুখবর দিতে চাই যে, যদিও বিদ্যুতের উৎপাদনে আমাদের ক্ষতিগ্রস্ত হবে তারপরেও দেশের কৃষির কথা চিন্তা করে আমরা এক তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।









