চলতি বছরের ১৬ ডিসেম্বর কিংবা আগামী বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, চলমান কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বরের মধ্যেই টার্মিনালটি উদ্বোধন করা হতে পারে। অন্যথায় নতুন বছরের শুরুতে এটি চালু করা হবে।
তিনি আরও বলেন, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
এছাড়া, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী।
দেশের পর্যটন কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও লাভজনক করতে পিপিপি মডেল বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।









