দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা আগের দিন ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।
সোনার নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।









