দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। আগের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) এই দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী- ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি। এর মধ্যে কয়েকবার মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৮২৩ ডলার ছাড়িয়ে গেছে।
এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।









